ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার

পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬


পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধারের দাবি

পিরোজপুর: কোস্ট গার্ডের অভিযানে একটি ট্রলার আটক করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল পাথরঘাটা উপজেলার মধ্য চরদোয়ানি ইউনিয়নসংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান শুরু করে। পরে একটি ট্রলারকে ধাওয়া করে পিরোজপুরের পুরাতন বেকুটিয়া ফেরিঘাটসংলগ্ন কুমিরমারা এলাকায় সেটি আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। ট্রলারটির নাম এফবি হাজী পেয়ার, নম্বর এফ-১১৫৪৯। প্রাথমিকভাবে উদ্ধার করা শাড়িগুলো প্রায় ৩৫০ বস্তায় রয়েছে বলে জানা গেছে। প্রতিটি বস্তায় আনুমানিক ৯০ থেকে ১০০টি শাড়ি থাকতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, কোস্ট গার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। মালামাল গণনা ও তালিকাভুক্ত করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর উদ্ধার হওয়া শাড়ির সঠিক পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য নিশ্চিত করা যাবে।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, বলেশ্বর নদীতে অভিযান শুরু করে একটি ট্রলারকে ধাওয়া করা হয়। পরে কচা নদীর পুরাতন বেকুটিয়া ফেরিঘাট এলাকায় ট্রলারটি আটক করা হয়। অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং উদ্ধার হওয়া মালামাল নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:৪০:২১   ৮ বার পঠিত  | ●   ●   ●