![]()
পিরোজপুর: বাল্যবিয়ের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে পিরোজপুরের কাউখালীতে আলোচনা সভা ও অভিভাবকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সহসভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী সবিতা ঘোষ, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন ও ছায়া সমাদ্দার। এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবক নাজমা খানম, সাবিনা আক্তার ও নাজমুন নাহারসহ অনেকে বক্তব্য দেন।
আলোচনা শেষে উপস্থিত ছাত্রীদের অভিভাবকরা সন্তানদের বাল্যবিয়ে না দেওয়ার এবং উপযুক্ত বয়সে সুশিক্ষিত করে বিয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার করেন ও শপথ নেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, বাল্যবিয়ে কেবল কন্যাসন্তানের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে না, বরং পুরো পরিবারের ভবিষ্যতের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে কন্যাসন্তানদের সুরক্ষা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, উপস্থিত অভিভাবকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা এবং সঠিক বয়সে বিয়ে দেওয়ার শপথ নিয়েছেন, তা তাঁদের আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নেবে। কাউখালীকে বাল্যবিয়েমুক্ত রাখতে মহিলা পরিষদ ভবিষ্যতেও মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৩২:১২ ১১ বার পঠিত | ● কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধ ● বাংলাদেশ মহিলা পরিষদ ● সুনন্দা সমাদ্দার