![]()
ফরিদপুর: আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রক্রিয়া বাতিল, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।
রোববার দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারে বিএনপির ওই অংশের অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাশারুল বারী ও উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিসিআইসি ও খুচরা সার ডিলারশিপ বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অবৈধ অর্থ লেনদেন হয়েছে। এ ছাড়া অতীতে আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি ও তাঁদের স্বজনদের নতুন করে ডিলারশিপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তব্যে আরও বলা হয়, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ কারণে নিয়োগপ্রক্রিয়া নিরপেক্ষভাবে যাচাই করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযোগ তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে নিয়োগপ্রক্রিয়া বাতিল করা, সরকারি বিধি অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ডিলার নিয়োগ, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা।
লিখিত বক্তব্যে সংশ্লিষ্ট প্রশাসন, কৃষি মন্ত্রণালয় ও বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অভিযোগের প্রতিকার না হলে কৃষক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম সিকদার ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক তারিকুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী উপজেলা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রতি ইউনিয়ন থেকে তিনজন যোগ্য আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠানো হয়। পরে জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই করে তালিকাটি কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। এরপর কৃষি মন্ত্রণালয় চূড়ান্তভাবে ডিলার নিয়োগ করে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন, সরকারি বিধিবিধান অনুসরণ করেই সার ডিলারদের তালিকা প্রণয়ন করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম করা হয়নি বলে তিনি দাবি করেন। তালিকা তৈরির ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩০ ৪ বার পঠিত | ● আলফাডাঙ্গা বিএনপি ● আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ ● সার ডিলার নিয়োগে অনিয়ম