![]()
ঢাকা: মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্নের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেতা আমির খানের ভাগনি জেইন মেরি। রোববার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তাঁর হাত, আঙুল ও পায়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় ভয়ের বিষয়টি তুলে ধরেছেন এই অভিনেত্রী।
ভিডিওতে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে জেইন বলেন, ‘আমাদের এতটা ভয় দেখাবেন না, যাতে ভয় পাওয়ার মতো আর কিছুই অবশিষ্ট না থাকে।’ পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইন্টারনেটে (রাষ্ট্রের) মুখোশ খুলে দিচ্ছেন তিনি।’
এর আগে গত শনিবার মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটনের সঙ্গে আটক হন জেইন। তাঁদের আটকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর তিনজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অভিজ্ঞতার কথা জানান।
মুক্তির পর শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করে নিরাপদে থাকার কথা জানান লেখা ওয়াশিংটন। পরে একটি স্টোরিতে বাড়িতে ফেরার পর ইমরান ও জেইনকে জড়িয়ে ধরার ছবি প্রকাশ করেন তিনি। তবে মুক্তির পরও তাঁদের ভোগান্তি হয়েছে বলে অভিযোগ করেন লেখা।
লেখার দাবি, বাড়ি ফেরার জন্য তাঁরা ক্যাব বুক করতে পারছিলেন না। তাঁদের নিয়ে যেতে রাজি হওয়া চালকদের মুম্বাই পুলিশ হুমকি দিচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
পরে ইয়েলো গেট থানায় কী ঘটেছিল, তা নিয়েও কথা বলেন জেইন। তাঁর দাবি, আটকের কারণ জানতে চাইলেও পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে তাঁরা স্পষ্ট কোনো উত্তর পাননি। একপর্যায়ে তাঁরা থানা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁদের পেছনে একজন পুলিশ কর্মকর্তা আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
জেইন বলেন, ‘আমি তাকে বারবার জিজ্ঞাসা করছি, আমাদের কেন আটক করা হয়েছিল। কিন্তু তিনিও কিছু জানেন না। তিনি শুধু বলেন, ‘দুই মিনিট’, তারপর ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলেন।’
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৩ ১৫ বার পঠিত | ● ইমরান খান ● জেইন মেরি ● মুম্বাইয়ে বিক্ষোভ ● লেখা ওয়াশিংটন