ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ

হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ

ফরিদপুর: হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে ফরিদপুরের সালথায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী খেলাধুলার উৎসব। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ উৎসবকে ঘিরে পুকুরপাড়ে ভিড় করেন আশপাশের কয়েক গ্রামের নানা বয়সী মানুষ। পানিতে হ্যান্ডবল, সাঁতার, হাঁস ধরা ও পিচ্ছিল কলাগাছ বেয়ে ওঠার প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। তাঁদের খেলা উপভোগ করে আনন্দে মেতে ওঠেন দর্শকেরাও।
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজের সভাপতিত্বে তাঁর বাড়ির পুকুরে এ উৎসবের আয়োজন করা হয়। ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

পুকুরের পানিতে প্রতিযোগীদের কসরত, হাঁস ধরার প্রাণান্ত চেষ্টা এবং পিচ্ছিল কলাগাছ বেয়ে ওপরে ওঠার দৃশ্য দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। শিশু-কিশোর থেকে প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর গ্রামীণ এসব খেলা দেখতে পেয়ে অনেকেই ফিরে যান শৈশবের স্মৃতিতে।

আয়োজনে বক্তারা বলেন, মাদক ও অনলাইন ডিভাইসের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করে। একই সঙ্গে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। তাই হারিয়ে যেতে বসা খেলাধুলার চর্চা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, ফরিদপুরের কণ্ঠশিল্পী মো. রূপন হোসেন, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুর রহমান, সাবেক ইউপি সদস্য আমির হোসেন মৃধা ও প্রবীণ মুরব্বি শহীদ সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি ধারাভাষ্য দেন দৈনিক ফতেহাবাদের জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার তানভীর রহমান নাহিদ।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৪   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●