![]()
পিরোজপুর: জেলার নাজিরপুরে অবৈধভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার জেরে দায়িত্ব পালনকারী এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬) বাদী হয়ে মো. বাবুল মোল্লা (৫৫) নামের এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের যৌথ নেতৃত্বে দীঘিরজান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ অভিযানে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
অভিযান চলাকালে বাবুল মোল্লার দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে ২ বস্তা ইউরিয়া, ৩.৫ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি ও ৫ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
লাইসেন্স ছাড়া সার বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বাবুল মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান শেষে বিকেলে বিপুল কুমার মল্লিক ব্যক্তিগত কাজে বাজারে গেলে বাবুল মোল্লা তাঁর পথরোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করার কারণে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলায় ওই কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় বাবুল মোল্লা প্রকাশ্যে তাঁকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় নাজিরপুর থানা পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, পূর্বের অভিযোগের ভিত্তিতে লাইসেন্স ছাড়া সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুল মোল্লাকে জরিমানা করা হয় এবং সার জব্দ করা হয়। অভিযানের সময় তিনি তাঁর সঙ্গেও অসদাচরণ করেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর বাবুল মোল্লা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর দোকানের শাটারের লাঠি দিয়ে অতর্কিত হামলা চালান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব জানান, দীঘিরজান বাজারের ব্যবসায়ী মো. বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করে চলে আসার পর কৃষি অফিসের এক কর্মকর্তাকে অভিযুক্ত ব্যক্তি মারধর করেছেন বলে তিনি শুনেছেন। এ বিষয়ে তাঁরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:১৬:১৬ ৫ বার পঠিত | ● অবৈধ সার বিক্রি ● নাজিরপুরে কৃষি কর্মকর্তা হামলা ● পিরোজপুর ● বাবুল মোল্লা