ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, ভাঙল কোস্টগার্ডের স্পিডবোটের কাচ

মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, ভাঙল কোস্টগার্ডের স্পিডবোটের কাচ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, ভাঙল কোস্টগার্ডের স্পিডবোটের কাচ

পটুয়াখালী: জেলার মির্জাগঞ্জে পায়রা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ যৌথ আভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভিকাখালী গ্রামসংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় জেলেদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কোস্টগার্ডের একটি স্পিডবোটের সামনের কাচ ভেঙে যায়। আহত হন উপজেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান। তবে হামলার মুখেও অভিযান অব্যাহত রাখেন অভিযানকারীরা। এ সময় নদী থেকে দুটি মাছ ধরার নৌকা ও প্রায় ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে কোস্টগার্ড কর্মকর্তা শফিকুল ইসলাম পায়রা নদীতে অভিযান চালান। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাছ ধরার জাল নদীতে ফেলে নৌকা নিয়ে দ্রুত তীরে উঠে যান। পরে তীর থেকে কোস্টগার্ডের স্পিডবোট ও ট্রলার লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে স্পিডবোটটির সামনের কাচ ভেঙে যায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান মাথায় আঘাত পান।

ঘটনার পর মৎস্য কর্মকর্তা বিষয়টি মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে জানান। খবর পেয়ে ইউএনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, ‘হামলাকারীদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দা ও মৎস্য কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

তিনি আরও বলেন, ‘অভিযানে প্রায় ১২ হাজার মিটার অবৈধ জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের উপস্থিতিতে জব্দ করা জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩০   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●