ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে দোহারে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।বুধবার বেলা ১১টায় দোহার থানা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দোহার থানা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, দায়িত্বশীলতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেন। পাশাপাশি গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার এবং সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, নিরাপদ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে এবং কোনো ধরনের সমস্যা হবে না বলে পূজামণ্ডপগুলোর কর্মকর্তাদের আশ্বস্ত করেন পুলিশ সুপার।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন দোহার উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সোহান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস (চেয়ারম্যান) এবং ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম বেপারি।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দোহার-নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
এ ছাড়া সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:২৯:০৫ ৭ বার পঠিত | ● ঢাকা জেলা পুলিশ ● দোহারে দুর্গাপূজার নিরাপত্তা ● শামীমা পারভীন ● শারদীয় দুর্গাপূজা ২০২৬