![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় কেনা জমিতে ভবন নির্মাণে বাধা, দেয়াল ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন ইউনুছ হাওলাদার।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ইউনুছ হাওলাদার বাদী হয়ে এমাদুল হকসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে ইউনুছ হাওলাদার পার্শ্ববর্তী আমুয়া গ্রামের মেহেদী হাসানের কাছ থেকে চার কাঠা জমি কেনেন। ওই জমিতে বালু ভরাটের পর প্রাচীর নির্মাণ করেন তিনি। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সেখানে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা নির্মাণস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলেন। একপর্যায়ে তাঁরা ভবনের নতুন দেয়াল ভেঙে ফেলেন এবং নির্মাণসামগ্রী নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ইউনুছ হাওলাদারের ছেলে আলআমিন একজন ভালো মানুষ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে জমি কিনতে ও মাটি ভরাটের কাজে সহায়তা করেছিলেন। ওই জমিতে আলআমিন পাকা ভবন নির্মাণের কাজ শুরু করার পর বাধা দেওয়া ও ভাঙচুর করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তাঁরা।
অভিযোগে ইউনুছ হাওলাদার আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে এমাদুল হক জানান, তাঁদের অংশীদারি জমিতে ভবন নির্মাণ করায় বাধা দেওয়া হয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:০০:১৯ ৬ বার পঠিত | ● ইউনুছ হাওলাদার ● এমাদুল হক ● কাঁঠালিয়ায় চাঁদা দাবির অভিযোগ ● ঝালকাঠি