![]()
কুষ্টিয়া: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা। পরে জালগুলো হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।
অভিযানে এসআরবি-১২ সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী এবং ভেড়ামারা মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. আমান উল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় এসআরবি কুষ্টিয়ার সদস্য ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহারে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ ধরনের জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ে, যা মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলে।
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৭:৫০ ১৬ বার পঠিত | ● পদ্মা নদীতে অভিযান ● ভেড়ামারায় চায়না দুয়ারি জাল জব্দ ● মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬