ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার

কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার

পটুয়াখালী: কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় বসতঘর থেকে নিখোঁজ হয়েছে ১০ মাস বয়সী শিশু রায়হান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ রায়হান ঘুটাবাছা গ্রামের রাসেল খান ও রুমা বেগম দম্পতির ছেলে। পরিবারের দাবি, ঘরের ভেতরে বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায়ই শিশুটি নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রায়হান তার বাবা রাসেল খানের সঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুটির মা রুমা বেগম ঘরের বাইরে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে তিনি স্বামীকে ডেকে তোলেন। এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে শিশুটির খোঁজ শুরু করেন। সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি পুকুরের পানি সেচেও খোঁজা হয়। শিশুটির সন্ধানে এলাকায় মাইকিং করা হয়েছে। তবে এসব উদ্যোগের পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিশুটির বাবা রাসেল খান বলেন, “আমি আমার ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি, আমার ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আমরা খুব অসহায়, অনেক খোঁজ করেছি। আপনাদের সহযোগিতা চাই।”

শিশুটির মা রুমা বেগম বলেন, “আমি ঘরের বাইরে কাজ করছিলাম। পরে ঘরে এসে ছেলেকে দেখতে না পেয়ে তার বাবাকে ডেকে তুলি। এরপর সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমার ছেলেকে কোথাও পাইনি। আমার ছেলেকে খুঁজে দেন।”

রায়হানের সন্ধানে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। শিশুটিকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে তার পরিবার।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০৮:২৬   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●