ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলে কারাগারে

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলে কারাগারে


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


\ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনা: সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, চার বোতল বিষ, ৩০ কেজি মাছ ও বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বনবিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় অভিযান চালিয়ে ওই চার জেলেকে আটক করা হয়। তাঁরা হলেন আবুবকর (৪২), আছাদুল (৩০), পীর আলী (২৮) ও কাদের মোল্যা (৫৫)। তাঁদের সবাই কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা এলাকার বাসিন্দা।

অভিযানে তাঁদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, চার বোতল বিষ, ৩০ কেজি সাদা মাছ, দুটি ভেসালি জাল ও ১০০ মিটার চরপাটা জাল জব্দ করা হয়। পরে বনবিভাগের দায়ের করা মামলায় তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা আল আমিন হোসেন বলেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত নৌকা, বিষ ও বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার জলজ প্রাণী ও সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এতে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণী ও সামগ্রিক প্রতিবেশও ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৫:৪৬   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●