ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীনের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এ দাবি জানান।
গত ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে ডা. মীর শহিদুল হাসান শাহীনকে দুমকি থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

এ আদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা ডা. মীর শহিদুল হাসান শাহীনের বদলির আদেশ বাতিল করে তাঁকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার জোর দাবি জানান। তাঁরা বলেন, ‘ডা. মীর শহিদুল হাসান শাহীন দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তিনি চলে গেলে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।’

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম মাস্টার বলেন, ‘ডা. মীর শহিদুল হাসানের মাধ্যমে এলাকাবাসী অনেক উপকৃত হন। তিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমাদের উপজেলায় তাঁর মতো বিশেষজ্ঞ চিকিৎসক আর নেই।’

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ডা. মীর শহিদুল হাসানের মতো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে দিতে পারেন, তাহলে ভালো। অন্যথায় দুমকি উপজেলাবাসী প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।’

আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জিএম এনামুল হক বলেন, ‘ডা. মীর শহিদুল হাসান শাহীন একজন দক্ষ প্রশাসক ও চিকিৎসক। তাঁর বদলির কারণে এলাকার জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।’

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৯   ৫৫ বার পঠিত  | ●   ●   ●