ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুর-১ আসনে উন্নয়ন তদারকি ও জনসেবায় ১২ দিনের সফরে মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে উন্নয়ন তদারকি ও জনসেবায় ১২ দিনের সফরে মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


পিরোজপুর-১ আসনে উন্নয়ন তদারকি ও জনসেবায় ১২ দিনের সফরে মাসুদ সাঈদী

পিরোজপুর: জনসেবা নিশ্চিত করা, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং নির্বাচনী এলাকার উন্নয়নকাজ তদারকির লক্ষ্যে মাঠপর্যায়ে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও তিনি জনগণের কাছে পৌঁছে কাজ করছেন।

সর্বশেষ ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১২ দিনের সফরে তিনি পূর্বঘোষিত কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এসব উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও আশার সঞ্চার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রায় দুই সপ্তাহের কর্মসূচিতে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা তৈরি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যানসহ নানা উপকরণ বিতরণ। ডেঙ্গুর বিস্তার রোধে নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়। এ ছাড়া পিরোজপুর পৌরসভাসহ নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সেবার মান নিশ্চিত করা ও জনআকাঙ্ক্ষা পূরণের বিষয়ে আলোচনা করেন তিনি।

জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, পরিচ্ছন্নতা অভিযান, শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং চাঁদাবাজি দূরীকরণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন মাসুদ সাঈদী।

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার কার্যক্রম যাচাই করেন তিনি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে মতবিনিময় ও পুরস্কার বিতরণ করেন। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী কার্যক্রম এবং পুরস্কার বিতরণেও অংশ নেন। পাশাপাশি চলমান উন্নয়নকাজ পরিদর্শন ও মান যাচাই, বিভিন্ন মসজিদে মুসল্লিদের উদ্দেশে ধর্মীয় আলোচনা এবং গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন।

নিজের সফর ও কার্যক্রম সম্পর্কে মাসুদ সাঈদী বলেন, “আমার পিতা শহীদ আল্লামা সাঈদী (রহ.)-এর নির্বাচনী আসনে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্যই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি, জনগণ আমাকে ভোটে নির্বাচিত করেছেন। আমি কাজের জন্য এলাকার বা দেশের বাইরে থাকলেও সব সময় এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলি এবং খবরাখবর রাখি। আমার নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে নিয়মিত যোগাযোগের মাধ্যমে পুনরায় চালুর চেষ্টা করছি। আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলাতে অনেক উন্নয়নমূলক কাজ চলছে, যা আমি নিজে নিয়মিত মনিটরিং করছি। নির্বাচনী ওয়াদামাফিক সকল কাজ করতে আমি সদাসচেষ্ট। ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ।”

এদিকে, মাসুদ সাঈদীর এমন নিবিড় জনসম্পৃক্ততায় পিরোজপুর-১ আসনের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একাধিক সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, অতীতে নির্বাচনের পর জনপ্রতিনিধিদের এভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে দেখা যায়নি। তাঁদের মতে, মাসুদ সাঈদী নিয়মিত সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন এবং সরকারি দপ্তরগুলোর কাজের জবাবদিহি নিশ্চিত করছেন। সাধারণ মানুষের একাংশের ধারণা, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তিনি পিরোজপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জানান, “মাসুদ সাঈদী কেবল একজন সংসদ সদস্য হিসেবেই নয়, বরং একজন অভিভাবক হিসেবে পুরো নির্বাচনী এলাকা আগলে রেখেছেন। পিরোজপুরে তাঁর নিয়মিত নিবিড় সফর ও নানামুখী কার্যক্রমের ফলে ঝিমিয়ে পড়া উন্নয়নমূলক কাজগুলো আবার গতি ফিরে পেয়েছে।”

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) হাত ধরে পিরোজপুরে যে উন্নয়ন হয়েছিল, সেই অতীত ফিরিয়ে আনতে কাজ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক বৈঠক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন মাসুদ সাঈদী। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা, টুঙ্গিপাড়া থেকে নাজিরপুর হয়ে পিরোজপুরে রেললাইন চালু এবং গোপালগঞ্জ থেকে পাটগাতি হয়ে পিরোজপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা।

পিরোজপুর-১ আসনকে আদর্শ ও মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলা এবং নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি পূরণে জনগণের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছেন মাসুদ সাঈদী। এলাকার মানুষের আশা, তাঁর নেতৃত্বে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগরের অবহেলিত জনপদ উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:১৪:৪৮   ২৫ বার পঠিত  | ●   ●   ●   ●