ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

পটুয়াখালী: দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ইঞ্জিনচালিত ট্রলার ও দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ চরঘূর্ণী গ্রামের মৃত রাজ্জাক জোমাদ্দারের ছেলে আইয়ুব জোমাদ্দার ও মোঃ রহমান জোমাদ্দার এবং দশমিনা ইউনিয়নের লালু মৃধার ছেলে মোঃ ফারুখ মৃধা।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার মধ্যে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় ওই তিন জেলেকে আটক করা হয়। পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।

অভিযানে জব্দ করা দেড় লাখ মিটার কারেন্টজাল হাজির হাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনটি ট্রলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ‘গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য দপ্তর ও থানা-পুলিশের যৌথ অভিযানে তিন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ট্রলারগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:২১:০১   ২৭ বার পঠিত  | ●   ●   ●   ●