ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি

সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি

সৌদি আরব: দেশটিতে চলতি বছরের ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে ১১৬ জন মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৮০ জন ছিলেন বিদেশি নাগরিক।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিভিন্ন সময়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের তথ্য সংরক্ষণ করে সংস্থাটি। তবে বিদেশি নাগরিকদের দেশভিত্তিক পরিচয় প্রকাশ করা হয়নি।

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁরা ওই ১৯০ জনের মধ্যে ছিলেন কি না, তা এএফপির প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

গত শনিবার সন্ত্রাসবাদের দায়ে দেশটির ইস্টার্ন প্রভিন্সে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইউসেফ আল-মানাসিফ (৩০) নামে সৌদি আরবের আরেক নাগরিক মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন। কিশোর বয়সে তিনি আরব বসন্তের বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

এএফপি লিখেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এমন প্রেক্ষাপটেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলো ঘটছে। জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ডকে প্রয়োজনীয় বলে মনে করে সৌদি আরব। দেশটির দাবি, আপিলের সুযোগ শেষ হওয়ার পরই কেবল মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে চীন ও ইরানের পর সৌদি আরব ছিল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।

চলতি বছরের জানুয়ারি থেকে সৌদি আরবে সন্ত্রাসবাদের দায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর বেশির ভাগই পূর্বাঞ্চলে। গত বছর ওই অঞ্চলে ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৪৮:৪২   ১৫ বার পঠিত  | ●   ●   ●