ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী

সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তির এই চক্রান্তের মাধ্যমে ভাষার মূল রূপ বদলে দেওয়ার চেষ্টা চলছে। তবে যত চক্রান্তই হোক না কেন, এ দেশের মানুষের মধ্যে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা রয়েছে।
গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট : স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমাদের ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিকল্পিতভাবে কিছু নতুন শব্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চর্চিত ও ব্যবহৃত শব্দগুলোকে বাদ দিয়ে নতুন নতুন রূপ চাপিয়ে দেওয়াটা সাম্রাজ্যবাদী তৎপরতারই অংশ।’

রিজভী আরও বলেন, ‘ইতিহাসের প্রতিটি সংকটকালে একশ্রেণির বুদ্ধিজীবী ফ্যাসিবাদের তোষামোদি করেছে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক ড. মুস্তাফা মজিদ। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খান, সংগীত পরিচালক ইথুন বাবু, মো. আবু হোরায়রা ও পারভীন সুলতানা রাব্বী।

‘সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না’

বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্য পত্রিকা ‘সারেঙ’-এর ‘রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়। তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, তিনি কখনোই ভালো রাজনীতিক হতে পারেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাসেম হায়দার এবং কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘সারেঙ’-এর সম্পাদক আবদুর রহমান মল্লিক। এতে আরও অংশ নেন জাহাঙ্গীর ফিরোজ, কামরুজ্জামান, সৈকত হাবিব, আসাদ কাজল এবং ছড়াকার ও এটিএন বাংলার প্রধান নির্বাহী (বার্তা) হাসান শরীফ।

বাংলাদেশ সময়: ২৩:১০:২২   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●