ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের

ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের

ঢাকা: বিএনপি সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে। আমরাও মনে করি অবৈধ। কিন্তু আইনগতভাবে বলার সুযোগ নাই। কারণ বিএনপি সরকার ওই তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করেনি।’
রোববার রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচির প্রচারে এ পথসভার আয়োজন করা হয়। নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা সেখানে লিফলেট বিতরণ করেন।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, ভারতের সঙ্গে গোপন আঁতাতের কারণে পাহাড়কে অশান্ত করা হচ্ছে। তিনি বলেন, ‘এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমরা জানি পাহাড়ে কারা অস্ত্র দেয়, পাহাড়ে কারা অশান্তি তৈরি করে। পার্শ্ববর্তী দেশ কথিত বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে চাপ দেওয়ার প্রয়োজন হয় তখন তারা পাহাড়ে অশান্তি তৈরি করে।’

সমতল থেকে পাহাড়—সর্বত্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পাহাড় কেন অশান্ত, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। পাহাড়ে কারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো কীভাবে তৎপরতা ও ষড়যন্ত্রের চেষ্টা করছে, তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে বিগত তিনটি অবৈধ সংসদের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। পুরোনো ধারাবাহিকতা বজায় থাকলে একদলীয় সংবিধান সংশোধন কমিটি সবচেয়ে ভালো সংশোধনী আনলেও ভবিষ্যতে বর্তমান সরকার তা বাতিল করে অন্তর্বর্তী সময়টিকে অবৈধ ঘোষণা করতে পারে।

নাহিদ ইসলাম বলেন, ‘পঞ্চম সংশোধনী বাতিল করে জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলদার হিসেবে আওয়ামী লীগ ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। ফলে তারেক রহমানের সঙ্গে যে একই কাজ হবে না, এর নিশ্চয়তা নাই।’

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি অতীতে আন্দোলন করেছে। অথচ এখন সেই সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে। নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য অতীতে বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো হয়েছিল। এর ফলে এক-এগারোর মতো ঘটনা ঘটেছিল।

তিনি বলেন, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংস্কার সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের একটি ফর্মুলা প্রস্তাব করা হয়েছিল, যা গণভোটে পাসও হয়েছে। কিন্তু এখন বিএনপি সরকার নিজেদের পছন্দমতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেছে নেওয়ার পথ তৈরি করেছে। তারা বলছে, স্পিকারকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে। তাহলে সেই সরকার নির্দলীয় হবে কীভাবে?

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একসময় চাঁদাবাজি নির্দিষ্ট কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বা মার্কেটে সীমাবদ্ধ থাকলেও এখন তা গ্রামগঞ্জের অলিগলি ও পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে। মহিষকে ঘাস খাওয়ানো কিংবা পুকুরে মাছের খাবার দেওয়ার ক্ষেত্রেও চাঁদাবাজির অভিযোগ উঠছে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, নুসরাত তাবাসসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৯   ১৯ বার পঠিত  | ●   ●   ●   ●