ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » তাইজুল হত্যা ঘিরে কালকিনিতে অর্ধশতাধিক বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

তাইজুল হত্যা ঘিরে কালকিনিতে অর্ধশতাধিক বাড়িতে হামলা-অগ্নিসংযোগ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


তাইজুল হত্যা ঘিরে কালকিনিতে অর্ধশতাধিক বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মাদারীপুর: কালকিনি উপজেলায় এক ব্যক্তিকে হত্যার জেরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে প্রতিপক্ষের লোকজনের অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর পর অগ্নিসংযোগ করা হয়। সোমবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ তাণ্ডব চালানো হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গত বৃহস্পতিবার সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি খুন হন। এ হত্যাকাণ্ডের পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়। সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার ও ইউনুস তালুকদারসহ সাইফুল তালুকদার, মোতলেব তালুকদার, আলমগীর সরদার, আলিমদ্দিন সরদার, আউয়াল চৌকিদার, ইদ্রিস চৌকিদার ও রেজাউল চৌকিদারসহ অর্ধশতাধিক ব্যক্তির বাড়িতে লুটপাট চালানো হয়। পরে তাদের বসতঘরে আগুন দেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় ত্রাস সৃষ্টি করতে হামলাকারীরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা নির্বিচারে প্রতিপক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ সুপারের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের না হলেও পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৪৬:১৮   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●