![]()
ভোলা: লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কালা মিয়া বাড়ির উদ্যোগে বাড়ির আঙিনায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়।
উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান এলাকাবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং ৭ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় মো. ফোরকান বলেন, “আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব। কোনো ধরনের বৈষম্য না করে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। তাই আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২২:৩৯ ৭ বার পঠিত | ● উঠান ● বৈঠক ● লালমোহন