ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » চাঁদাবাজ-দখলবাজদের যুবদলে স্থান হবে না: জাহাঙ্গীর হোসেন

চাঁদাবাজ-দখলবাজদের যুবদলে স্থান হবে না: জাহাঙ্গীর হোসেন


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


চাঁদাবাজ-দখলবাজদের যুবদলে স্থান হবে না: জাহাঙ্গীর হোসেন

ফরিদপুর: চাঁদাবাজ, দখলবাজ ও টেন্ডারবাজদের যুবদলে কোনো স্থান হবে না বলে জানিয়েছেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ব্যক্তিস্বার্থ ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালথা উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।

জাহাঙ্গীর হোসেন বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের এই ঐতিহ্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখতে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। নতুন প্রজন্মকে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার প্রতি উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুবদলের অংশগ্রহণ বাড়াতে হবে। শুধু মিছিল-সমাবেশ নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে জনসম্পৃক্ত সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় যেন সংগঠনকে বহন করতে না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নির্দেশ করব, কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই লক্ষ্য বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের জন্য কাজ করবেন, তাঁদের পাশে থাকবে সংগঠন।

সালথা উপজেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে পারলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নেতাকর্মীদের দায়িত্ব নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, খোকন মাতুব্বর, রাসেল শেখ ও হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সালথা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৫   ৮ বার পঠিত  | ●   ●