ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন

দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


\ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন

ভোলা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম লালমোহন উপজেলা শাখার উদ্যোগে লালমোহন প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু জাফর মাইনুদ্দিন, সহসভাপতি মাওলানা সফিউল্যাহ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম লালমোহন উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মো. নেছার উদ্দিন।

বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এই কর্মসূচির প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিডি (অ্যাডমিন) মো. সামিউল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী একটি প্রতিবাদী পোস্ট দেন। পোস্ট দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর রাত ১১টা ২২ মিনিটে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয় বলে বক্তারা জানান।

তাঁরা আরও বলেন, এর আগে ১৫ থেকে ২৮ অক্টোবর মাত্র ১৫ দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, ডিআইএর পরিচালক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে দিয়ে তাঁর প্রতিষ্ঠান পরিদর্শন করানো হয়েছে। ঘটনার সময়কাল, ধারাবাহিকতা ও অস্বাভাবিক দ্রুততা বিবেচনায় তাঁদের আশঙ্কা, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে ব্যক্তিগতভাবে হয়রানি করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে তাঁর প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বক্তারা এ ধরনের হয়রানিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ এবং ৪ নভেম্বরের পূর্বঘোষিত কর্মসূচি বানচালের যেকোনো অপচেষ্টা বন্ধের জোর দাবি জানান।

পাশাপাশি আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে সব শিক্ষক-কর্মচারীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৪৯   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●