![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজারে সাপ্তাহিক হাটের দিনগুলোতে ফুটপাত ও মূল সড়ক দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে প্রতি শুক্র ও সোমবার কেনাকাটা করতে আসা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
প্রতি শুক্রবার ও সোমবার কাউখালী বাজারে সাপ্তাহিক হাট বসে। এ হাটে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী পিরোজপুর সদর, নাজিরপুর, রাজাপুর, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া উপজেলা থেকে শত শত মানুষ কেনাকাটা করতে আসেন। ফলে হাটের দিনগুলোতে বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে।
সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য ড্রেনের ওপর নির্মিত ফুটপাত দখল করে বসানো হয়েছে বিভিন্ন দোকান। চিরাপাড়া ব্রিজের ঢাল থেকে দক্ষিণ বাজার হয়ে উত্তর বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতের বড় একটি অংশ ব্যবসায়ীদের দখলে। কেউ ফুটপাতে স্থায়ী বা অস্থায়ী দোকান বসিয়েছেন, আবার কেউ পসরা সাজিয়ে বসেছেন। ফলে বাধ্য হয়ে পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
এমনিতেই কাউখালী বাজারের সড়কগুলো তুলনামূলক সরু। অনেক স্থানে পাশাপাশি দুটি রিকশার চলাচলও কঠিন। এর ওপর ফুটপাত দখল, মূল সড়কে চাকাযুক্ত ভ্যানগাড়িতে পণ্য বিক্রি এবং ইজিবাইক ও অটোরিকশার অতিরিক্ত চলাচলে যানজট আরও তীব্র হচ্ছে। এতে পথচারী ও যানবাহনচালকদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন সভায় একাধিকবার আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফুটপাত সব সময় হকার ও অবৈধ দখলমুক্ত রাখার কথা ছিল। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সতর্কবার্তা দেওয়ার পর কিছুদিন ফুটপাত দখলমুক্ত থাকলেও সম্প্রতি দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত আবারও অধিকাংশ ফুটপাত ও সড়কের কিছু অংশ দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন অভিযান চালালে ফুটপাত কিছু সময়ের জন্য দখলমুক্ত থাকে। কিন্তু অভিযান শেষ হলেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যায়।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ ফুটপাত। এটি দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। বাজারের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অবৈধ দখল, ফুটপাতের ওপর দোকানপাট এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৯ ৫ বার পঠিত | ● কাউখালী বাজার ● পিরোজপুর ● ফুটপাত দখল ● সাপ্তাহিক হাট