![]()
চাঁপাইনবাবগঞ্জ:শিবগঞ্জ উপজেলার একটি আম বাগানে স্তূপ করা বালুর ওপর থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির আম বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাগানের পাশের বালুর স্তূপে দুই শিশু খেলছিল। এ সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল। কাছে গিয়ে বালুর ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান তিনি। পরে পাশের বাড়ির বাসিন্দা গোলাপ হোসেনকে বিষয়টি জানালে তিনি শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
এরপর শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শিশুটিকে গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি তাঁর আশ্রয়ে রয়েছে।
কে বা কারা, কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটির বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগ পর্যন্ত শিশুটি একজন মহিলার তত্ত্বাবধানে রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৬ ১১ বার পঠিত | ● চাঁপাইনবাবগঞ্জ ● জালমাছমারী মিয়াপাড়া ● শিবগঞ্জে নবজাতক উদ্ধার