ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » সাংবাদিক সমিতির নবীনগর কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

সাংবাদিক সমিতির নবীনগর কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


সাংবাদিক সমিতির নবীনগর কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) উপজেলা শাখার নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি জাবেদুল ইসলামসহ অন্যান্য অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি এবং মানুষের সুখ-দুঃখের চিত্র উঠে আসে। তাই সাংবাদিকদের কাছে তাঁর প্রত্যাশা, তাঁরা যেন সব সময় বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকৃত সত্য তুলে ধরেন।

তিনি আরও বলেন, অনেক সময় সংবাদ ভাইরাল করা কিংবা পত্রিকার কাটতি বাড়ানোর উদ্দেশ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন বিশিষ্ট ব্যক্তিদের নাম জড়িয়ে আকর্ষণীয় শিরোনাম করা হয়। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন এবং সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়। এ ধরনের সাংবাদিকতা কাম্য নয়। কোনো ঘটনার সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করতে হবে, সংশ্লিষ্ট সবার বক্তব্য নিতে হবে এবং প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। সত্য প্রকাশের ক্ষেত্রে কারও প্রতি পক্ষপাতিত্ব কিংবা ব্যক্তিগত বিরাগ থাকা উচিত নয়।

সাংবাদিকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের তিনি সম্মান ও শ্রদ্ধা করেন। তাঁরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন মানুষকে সচেতন করে, তেমনি সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির নবীনগর উপজেলা শাখার কার্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠায় এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নবীনগরের উন্নয়ন, জনস্বার্থ ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, নবীনগর উপজেলা শাখার এ কার্যালয় শুধু সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই নয়, বরং সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানের একটি মিলনকেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:১৪:৩৫   ৩২ বার পঠিত  | ●   ●   ●