ঢাকা    সোমবার, ৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে এমপি এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিশাল শোভাযাত্রা

নবীনগরে এমপি এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিশাল শোভাযাত্রা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


নবীনগরে এমপি এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিশাল শোভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়া: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নবীনগরে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান, নাচ-গান ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিনটি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের চেতনার সঙ্গে জড়িয়ে আছে। দেশের ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্য ও সংহতির যে বার্তা এ দিন বহন করে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এমপি এম এ মান্নানের নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রা ও জনসমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে নবীনগরে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মসূচিগুলোর মধ্যে এটি ছিল অন্যতম বড় সমাবেশ।

এদিকে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় এক বিবৃতিতে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেওয়া সব নেতাকর্মী ও সমর্থকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৯   ৩৯ বার পঠিত  | ●   ●   ●