ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল

শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল

রাজধানী: শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। অন্যদিকে, উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছালে কে বা কারা বাসটিতে আগুন দেয়। ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। চালক ও তাঁর একজন সহকারী ছিলেন। তবে তাঁরা কেউ হতাহত হননি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুন তখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কারা এ আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বেলা ১টা ১০ মিনিটে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরিত্যক্ত একটি বস্তার ভেতরে ককটেলগুলো পাওয়া যায়।

এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক পথচারী বস্তার ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে এসআরবি-৩-কে খবর দেন। পরে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেন। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে সেগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ককটেলগুলো সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। পাশাপাশি আশপাশে কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক ব্যাগ, বস্তা, কার্টন কিংবা টিন দেখতে পেলে তাতে স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, গতকাল সোমবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ০:০৮:০৫   ২ বার পঠিত  | ●   ●   ●