ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে

বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে

পটুয়াখালী: প্রাচীনতম শিল্পগুলোর অন্যতম মৃৎশিল্প। প্রাচীন যুগে কৃষিভিত্তিক জীবনযাত্রার সূচনার পর পানি ও শস্য সংরক্ষণের প্রয়োজনে মাটির পাত্রের ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে। প্রথমদিকে মানুষ হাতে মাটির সামগ্রী তৈরি করলেও পরবর্তী সময়ে কুমোরের চাকার আবিষ্কার এ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফল উপজেলার পালপাড়াগুলোতে এখনো আপন গতিতে ঘুরছে মাটির চাক। দক্ষ কারিগরের হাতের স্পর্শে এক টুকরো এঁটেল মাটি মুহূর্তেই রূপ নিচ্ছে কাপ, পিরিচ, ফুলদানি কিংবা নান্দনিক গৃহসজ্জার সামগ্রীতে। কোথাও মাটির পাত্রে নকশা আঁকা হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে রঙের প্রলেপ। আবার কোথাও চুল্লিতে পুড়িয়ে তৈরি করা হচ্ছে বাজারজাতের উপযোগী পণ্য। পুরুষের পাশাপাশি নারীরাও সমান দক্ষতায় কাজ করছেন।

সংশ্লিষ্ট উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় পণ্য ও নান্দনিক নকশার সমন্বয়ে বাউফলের মাটির পণ্য দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়াসহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার প্রায় ২৪টি দেশে রপ্তানি হচ্ছে এসব পণ্য। এ খাত থেকে বছরে প্রায় ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের।

আজ দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা, কনকদিয়া, বগা ও বাউফল ইউনিয়নের পালপাড়াগুলোতে এমন কর্মচাঞ্চল্য দেখা গেছে। বংশপরম্পরায় চলে আসা কয়েক প্রজন্মের এ মৃৎশিল্প এখন শুধু গ্রামীণ ঐতিহ্য নয়, হয়ে উঠেছে সম্ভাবনাময় রপ্তানিমুখী কুটির শিল্প। বাউফল উপজেলার মদনপুরা গ্রামের প্রবীণ মৃৎশিল্প উদ্যোক্তা বিশ্বেশ্বর পাল (৭৬)। বাবা অর্চুতা নন্দন পালের কাছ থেকে পাওয়া পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন তিনি। তাঁর মতে, বাউফল উপজেলায় কমবেশি ৫০০ কুমার পরিবার রয়েছে। এর মধ্যে শুধু মদনপুরা গ্রামেই রয়েছে ৫০ থেকে ৬০টি মৃৎশিল্পী পরিবার।

কনকদিয়া, বগা ও বাউফল ইউনিয়নের পালপাড়াগুলোতেও দীর্ঘদিন ধরে এ শিল্পের চর্চা হয়ে আসছে। বিশ্বেশ্বর পাল বলেন, একসময় মাটির জিনিসপত্রের তেমন কদর ছিল না। গ্রামে গ্রামে ঘুরে পণ্য বিক্রি করতে হতো। এখন আড়ং, হিট বাংলাদেশ, দ্য কোর দ্য জুট ওয়ার্কস এবং ঢাকা হ্যান্ডিক্রাফটসের মতো বায়িং হাউসের মাধ্যমে এখানকার পণ্য বিদেশে যাচ্ছে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, প্রাচীন মৃৎশিল্পের ঐতিহ্য ধারণ করে বাউফলের কুমার পরিবারগুলো বংশপরম্পরায় এ কাজ করে আসছে। তবে সত্তরের দশক থেকে এ শিল্পে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করে। আগে হাতে ঘোরানো চাকার সাহায্যে পাত্র তৈরি করা হলেও এখন অধিকাংশ কারখানায় ব্যবহৃত হচ্ছে মোটরচালিত বৈদ্যুতিক চাক। এতে উৎপাদনের গতি বেড়েছে। পাশাপাশি পণ্যের আকৃতি হয়েছে আরও নিখুঁত ও আকর্ষণীয়।

বিশ্বেশ্বর পাল বলেন, মৃৎশিল্পের প্রধান কাঁচামাল এঁটেল মাটি। উদ্যোক্তারা ট্রলারপ্রতি ২০ থেকে ২২ হাজার টাকা দিয়ে মাটি সংগ্রহ করেন। বেলে মাটির তুলনায় উন্নতমানের কালো এঁটেল মাটি তাঁদের কাজে বেশি উপযোগী। প্রথমে পণ্যগুলোকে প্রাথমিক আকৃতি দেওয়া হয়। এরপর ছায়ায় শুকানো হয়। পরে দক্ষ শিল্পীরা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন ফুল, পাতা ও জ্যামিতিক নকশা। সবশেষে বিশেষ চুল্লিতে ১২ থেকে ১৪ ঘণ্টা আগুনে পুড়িয়ে পণ্যগুলোকে শক্ত ও টেকসই করা হয়।

মদনপুরার বিশ্বেশ্বর পালের কারখানায় কর্মরত রয়েছেন ৯০ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৪০ জনের বেশি নারী। কারখানার নারী শ্রমিক সায়া রানী দাস (৪৫) বলেন, মৃৎশিল্পে কাজ করেই তিনি দুই মেয়েকে স্নাতক পর্যন্ত পড়িয়েছেন। তাঁর এক মেয়ে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুই ছেলেও একই পেশায় যুক্ত হয়েছেন। প্রতিদিন মজুরি পান ৫০০ টাকা। শ্রমিক হিসেবে কাজ করা মদনপুরার বাসুদেব দেবনাথ (৬০) বলেন, প্রায় ২৫ বছর ধরে মাটির পণ্য শুকানো, ওঠানো ও নামানোর কাজ করছেন তিনি। তাঁর মাসিক বেতন ১৬ হাজার টাকা। অন্য পেশায় যাওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর।

বাউফলের মৃৎশিল্পে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক শ্রমিকই নিজেরা উদ্যোক্তা হয়েছেন।

বাউফলের কাগুজিরপোল এলাকার রণজিৎ পাল (৩৮) প্রায় ৩০ বছর ধরে এ পেশায় রয়েছেন। হাতে চালিত চাকের সাহায্যে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে মাসে প্রায় ২২ হাজার টাকা আয় করেন তিনি। এ আয় দিয়েই এক ছেলে ও এক মেয়ের পড়াশোনাসহ পরিবারের ব্যয় নির্বাহ করছেন।

বিশ্বেশ্বর পালের কারখানায় কাজ শিখে বোর্ড অফিস এলাকার শাহজালাল (৫০), মদনপুরার মো. জালাল (৪০) ও একই গ্রামের আজিজ (৫৫) নিজেদের মৃৎশিল্পের কারখানা গড়ে তুলেছেন। বিশ্বেশ্বর পাল জানান, তাঁর কারখানায় প্রতি মাসে প্রায় পাঁচ হাজার রপ্তানিযোগ্য পণ্য তৈরি করা সম্ভব হচ্ছে। মাসে গড়ে অন্তত পাঁচ লাখ টাকার পণ্য বিক্রির সক্ষমতা রয়েছে। বিসিক ও বৈশাখী মেলার মতো আয়োজনে প্রতিদিন কয়েক লাখ টাকার পণ্যও বিক্রি হয় বলে জানান তিনি।

সম্ভাবনাময় এ শিল্পের সামনে পুঁজির সংকট ও কাঁচামাল সংগ্রহের জটিলতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বিশ্বেশ্বর পাল। তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও স্বল্প সুদে ঋণ পেলে এ শিল্প আরও এগিয়ে যাবে। সহজ পদ্ধতিতে এঁটেল মাটি সংগ্রহের সুযোগ সৃষ্টি এবং মৃৎশিল্পীদের জন্য বিশেষ কার্ড চালুরও দাবি জানান তিনি। তাঁর মতে, কাঁচামাল সংগ্রহ সহজ হলে উৎপাদন ব্যয় কমবে এবং ক্ষুদ্র উদ্যোক্তারাও উপকৃত হবেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), চারুকলা ইনস্টিটিউট ও আড়ংয়ের মতো প্রতিষ্ঠানের প্রশিক্ষণ এখানকার কারিগরদের নকশা ও পণ্যের মান উন্নয়নে ভূমিকা রেখেছে। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বিশ্বেশ্বর পাল বলেন, নতুন প্রজন্মকে এ শিল্পের সঙ্গে যুক্ত হতে হবে। এতে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের স্বার্থও রক্ষা হবে। বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে বাড়বে বৈদেশিক মুদ্রা আয়।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ‘বাউফলের মৃৎশিল্প আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এ শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বহু পরিবারের জীবন-জীবিকা ও স্বপ্ন। আমরা চাই, মাটির কারিগরদের হাতের নিপুণ সৃষ্টি দেশ-বিদেশে আরও পরিচিতি পাক। এ শিল্পের বিকাশে তাদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

পটুয়াখালী জেলার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার বলেন, ‘প্রথমেই বাসসকে ধন্যবাদ জানাই। কেননা, এবারই প্রথম মৃৎশিল্পীরা ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের মতো মৃৎশিল্পের জন্য একটি সুবিধাজনক কার্ড চালুর দাবি সরকারের কাছে জানিয়েছেন। বিষয়টি আমি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব।’

তিনি বলেন, পটুয়াখালী জেলায় ৫০০টির বেশি মৃৎশিল্পী পরিবার রয়েছে। শিগগিরই ঢাকায় একটি বড় জাতীয় মেলার আয়োজন করা হবে। সেখানে ‘এক গ্রাম এক পণ্য’ কার্যক্রমের আওতায় পটুয়াখালীর মৃৎশিল্প স্থান পাবে। ওই মেলায় ৬০ থেকে ৭০ শতাংশ জায়গাজুড়ে জেলার মাটির তৈরি পণ্য প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। ঋণ সহায়তার বিষয়ে তিনি বলেন, বাউফলে মৃৎশিল্পীদের প্রায় ৪০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। নতুন করে ‘ক্লাইমেট পণ্য বিল’ খাতে ঋণ দেওয়ার জন্য ঢাকায় আবেদন পাঠানো হয়েছে। বিসিক আবারও মৃৎশিল্পীদের নতুন করে ঋণ দিতে চায়। তবে প্রস্তাবটি এখনো অনুমোদন হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার আরও বলেন, বিসিকের ঋণের সুদের হার পুরুষ উদ্যোক্তাদের জন্য ৬ শতাংশ এবং নারী উদ্যোক্তাদের জন্য ৫ শতাংশ। এর চেয়ে কম সুদে বাংলাদেশে সম্ভবত আর কেউ ঋণ দেয় না। তারপরও মৃৎশিল্পীরা আরও কম সুদে ঋণ দেওয়ার যে দাবি জানিয়েছেন, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখবেন বলে জানান তিনি।

এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, মৃৎশিল্পীরা জেলা তথা বাংলাদেশের গৌরব। তাঁরা বিশ্বের বিভিন্ন দেশে মাটির তৈরি পণ্য রপ্তানি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তিনি বলেন, তাঁদের স্বল্প সুদে ঋণ প্রদান এবং ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের মতো মৃৎশিল্পীদের জন্য বিশেষ কার্ড চালুর দাবিগুলো আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:১৮   ১ বার পঠিত  | ●   ●   ●   ●