ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার অভিযোগে ফরহাদ ফার্মেসির মালিক ফরহাদ হোসেনকে (৩২) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে ভেড়ামারা পৌরসভার রেলওয়ে মসজিদ গলির মার্কেটে অবস্থিত ফরহাদ ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। এ সময় দোকানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে তাঁকে সহযোগিতা করেন ভেড়ামারা থানার এসআই রাশিদুল আলম এবং জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক রহমতউল্লাহ।

অভিযোগকারী ফরহাদ আলী জানান, কয়েক দিন আগে ওষুধ কিনে বাড়িতে যাওয়ার পর তিনি সেগুলোর মেয়াদ উত্তীর্ণ দেখতে পান। পরে বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। দোকানদার সুকৌশলে এসব ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন। এ অপরাধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদ বন্ধে নিয়মিত তদারকি এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৫৪   ২ বার পঠিত  | ●   ●   ●   ●