ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে দফায় দফায় উত্তেজনা ও হট্টগোল হয়েছে। বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে একপর্যায়ে বক্তব্য বন্ধ রেখে বসে পড়তে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদের বৈঠকের শুরুতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। নাহিদের বক্তব্যের কিছুক্ষণ পর এ বিষয়ে সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বেশ কিছুক্ষণ পর মাগরিবের নামাজের বিরতি শেষে আবারও পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ ও তথ্যের কথা উল্লেখ করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি দেখলে বুঝতে পারতেন, বাইরে থেকে কোনো একটি বস্তু নিক্ষেপের পরপরই পুরো বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

নাহিদ ইসলাম বলেন, বাড়িটি কোনো পরিত্যক্ত স্থাপনা ছিল না কিংবা সেখানে শুধু গবাদিপশু রাখা হতো না। সেখানে মানুষ বসবাস করতেন। গতকাল রাতেও বাড়িটিতে লোকজন ছিলেন। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন সেখানে থাকতেন। তাঁর ভাষায়, গতকাল রাতে সেখানে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।

নাহিদ আরও দাবি করেন, কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। ফলে এসব ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

নাহিদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যে উল্লাস আমরা দেখেছি, এই ঘটনাকে কেন্দ্র করে এবং কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ, তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের দায়মুক্তি দিচ্ছেন এই সংসদে এসে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে কত ঘণ্টার মধ্যে দোষীদের উনি শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’

নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ আজ দেখল, বিরোধী দলের একজন সংসদ সদস্য ও গণ-অভ্যুত্থানের একজন নেত্রীর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় সরকারের ভূমিকা কী এবং সরকার এ পরিস্থিতিতে কেমন আচরণ করছে।

নাহিদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। কালকে রাত্রে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তা তদন্ত কি শেষ হয়ে গেল মাননীয় স্পিকার?’

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন।

এ সময় বিরোধী দলের সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শোনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’

এরপর তিনি আবারও ঘটনার বিবরণ তুলে ধরে প্রাথমিক তদন্তে পেট্রলবোমার কোনো চিহ্ন না পাওয়ার কথা বলেন। এতে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই করে প্রতিবাদ জানান। এ সময় সরকারি দলের অনেক সদস্যও হইচইয়ে অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।’

ডেপুটি স্পিকার তাঁকে বক্তব্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। ডেপুটি স্পিকার তাঁদের শান্ত করার চেষ্টা করেন এবং বিরোধীদলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু হইচইয়ের কারণে বক্তব্য দিতে না পেরে একপর্যায়ে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় এনসিপির আব্দুল হান্নান মাসউদ, মাহমুদা আলম মিতুসহ কয়েকজন সদস্য দাঁড়িয়ে মাইক ছাড়াই কথা বলতে থাকেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল বারবার হান্নান মাসউদকে বসার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। ওঁনাকে বক্তব্যদানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই উচিত নয়। আপনারা বসেন, প্রয়োজনে আপনি আবার বলবেন।’

এরপর আবারও বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বাড়িতে ছাগল থাকার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘এই বাড়িতে দুইটা ছাগল থাকত। এবং ছাগলগুলোর..।’

তাঁর এ বক্তব্যের সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কোথাও পেট্রলবোমা যদি নিক্ষেপ করা হয়, সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা তদন্ত করেন। অন্য কোনোভাবে যদি আগুন লাগানো হয় সেটা তদন্তের পরে বলা যাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনাটি দুঃখজনক। এতে কোনো ধরনের নাশকতা বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনা ঘটে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আগুন দুর্ঘটনাবশত লেগে থাকলে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে সরকারকে দোষারোপ করে বক্তব্য দেওয়া সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। তদন্ত চলছে উল্লেখ করে সবাইকে অপেক্ষা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদের দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে, সেটাও ফাইন্ড আউট হবে। কিন্তু আমি ঢালাওভাবে আগের কালচারের মতো বলতে চাই না এখানে ওই ওই ওই জড়িত।’

এন/এস

বাংলাদেশ সময়: ২১:২৮:৩৪   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●