![]()
মানিকগঞ্জ: সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে এ পরীক্ষার উদ্বোধন করা হয়। মরহুম আজিমউদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিংগাইর (সাস) এ পরীক্ষার আয়োজন করে। উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহাসচিব ও কর কমিশনার মাসুম বিল্লাহ সানি, অ্যাডভোকেট আতাউর রহমান এবং আমিনুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্বে থাকা মো. রুহুল আমিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতাউর রহমান, শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ৪০টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৮৮ জন এবং ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা ১১টা ৪০ মিনিটে। পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম শ্রেণির ২৫ জন এবং পঞ্চম শ্রেণির ২৫ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি দেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১২:১৮ ১৬ বার পঠিত | ● মানিকগঞ্জ ● সামসুল হক স্মৃতি ফাউন্ডেশন ● সিংগাইর মেধা বৃত্তি পরীক্ষা