![]()
পটুয়াখালী: বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমিন (৬০) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ ও মাথাসহ শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামে এক নারী ও আবুল বশার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমিনকে হত্যা করে মরদেহের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমিন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁকে খুঁজতে গিয়ে স্বজনরা কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।
গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমিনের বলে ধারণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা একটি ডোবা ও ধানক্ষেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমিনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমিন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমিনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমিনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১৪:৫৮ ১৫ বার পঠিত | ● খণ্ডিত মরদেহ উদ্ধার ● বাউফলে রুহুল আমিন হত্যা ● শাহিদা বেগম