![]()
বিনোদনজগতে অভিনয়ে নিজের অবস্থান তৈরি করতে স্বপ্ন নিয়ে বহু নারী মুম্বাইয়ে পাড়ি জমান। তবে চাকচিক্যের আড়ালে তাঁদের অনেককেই পড়তে হয় নানা অস্বস্তিকর পরিস্থিতিতে। কাজের সুযোগ পাওয়ার আশায় কখনো কখনো শুনতে হয় আপত্তিকর প্রস্তাবও। ক্যারিয়ারের শুরুর দিকে এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেবিনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের অস্বস্তির কথা পরিচালককে জানাতে হয় তাঁকে।
দেবিনা জানান, একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাঁকে কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন অভিনয়জগতে একেবারেই নতুন ছিলেন তিনি। পরিচালকের এমন প্রস্তাবে সরাসরি ‘না’ বলা যায় কি না, তা-ও বুঝে উঠতে পারেননি। তবে তাঁর মনে হচ্ছিল, পরিস্থিতি স্বাভাবিক নয়। একধরনের অস্বস্তিও কাজ করছিল। অনিচ্ছা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই পরিচালকের গাড়িতে ওঠেন তিনি।
গাড়ি চালাতে চালাতে একপর্যায়ে নির্জন ও অন্ধকার জায়গায় গাড়ি থামান ওই পরিচালক। এরপর দেবিনাকে চুম্বন করার কথা বলেন। পরিচালকের এমন আচরণে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। অচেনা জায়গায় নিজেকে অসহায় মনে হচ্ছিল তাঁর। ওই ব্যক্তি যদি তাঁকে আঘাত করেন, তাহলে কী হবে—এমন আশঙ্কাও তৈরি হয় মনে।
দেবিনা জানান, শেষ পর্যন্ত কাঁপা গলায় পরিচালককে নিজের অস্বস্তির কথা জানান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে স্বচ্ছন্দ বোধ করছেন না। অভিনেত্রীর ভাষ্য, জীবনে গুরমীত চৌধরীর আগমনের পর নিরাপদ আশ্রয়ের অর্থ বুঝতে পেরেছেন তিনি। স্বামী গুরমীতের মধ্যেই খুঁজে পেয়েছেন সেই নিরাপত্তা।
দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন দেবিনা। পরে হিন্দি টেলিভিশনে কাজ শুরু করেন তিনি।
২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান দেবিনা। ওই ধারাবাহিকে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন গুরমীত চৌধরী। পরবর্তী সময়ে তাঁরা বিয়ে করেন। বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে।
বাংলাদেশ সময়: ০:২৭:২৪ ১০ বার পঠিত | ● গুরমীত চৌধরী ● দক্ষিণী সিনেমা ● দেবিনা বন্দ্যোপাধ্যায় ● পরিচালকের আপত্তিকর প্রস্তাব