ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ১৮ বছরের সংসার ভেঙে এক মণ দুধে গোসল

১৮ বছরের সংসার ভেঙে এক মণ দুধে গোসল


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


১৮ বছরের সংসার ভেঙে এক মণ দুধে গোসল, মিষ্টি বিতরণ

ফরিদপুর: স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন আলফাডাঙ্গার হোসেন মৃধা। স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এক মণ মিষ্টি বিতরণ করে নিজের ভাষায় ‘পাপমুক্ত’ হওয়ার ঘোষণা দেন। বুধবার দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে হোসেন মৃধার বাড়িতে এ আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে ১৮ বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে তাঁদের সংসারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে স্ত্রীকে তালাক দিয়ে দাম্পত্য জীবনের অবসান ঘটান হোসেন মৃধা।

হোসেন মৃধা বলেন, ‘১৮ বছরের সংসার জীবনে আমাদের তিনটি সন্তান রয়েছে। এরপরও স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। নিজের জীবন ও ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণ করে নিজেকে পাপমুক্ত করলাম।’

১৮ বছরের দাম্পত্য জীবনের অবসানের পর এক মণ দুধ দিয়ে গোসল এবং এক মণ মিষ্টি বিতরণের এ ঘটনা এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩২:২৭   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●