ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত

নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত

কুষ্টিয়া: আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। তিনি বলেছেন, বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনগণের মতামত ও তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে।

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মতিন হাইস্কুল মাঠে বাহিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, একাধিক প্রার্থীও থাকতে পারেন। তবে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আগামী বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মতামত ও দলের নেতাকর্মীদের মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। যিনি নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকবেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, এমন যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়নের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে আত্মীয়তার কোনো প্রাধান্য থাকবে না। যারা দলের আদর্শ ও সিদ্ধান্ত মেনে চলবেন না, তাদের পক্ষে দল থাকবে না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, সবাইকে তা মেনে চলতে হবে।

কর্মীসভায় উপস্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামবার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু, বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম বিজলী, ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এনামুল হক সরদার, বাহিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ওয়ার্ড মেম্বার ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ভূঁইয়া বাবু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন জিকু।

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৩:৫৯   ২৭ বার পঠিত  | ●   ●   ●