![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১১ ছাত্রলীগ কর্মীকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দিঘীরপাড় এলাকার শিমুলতলায় ছাত্রলীগের কর্মী সন্দেহে চারজনকে আটক করেন স্থানীয় লোকজন। আটক ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী থানার দিঘীরপাড় এলাকার জাহিদ (১৪) ও আকিব (১৪) এবং আড়াইহাজার উপজেলার চারিগাঁও এলাকার পারভেজ হোসেন (১৯) ও জাহিদুল (১৮)। পরে স্থানীয় লোকজন তাদের পুলিশের কাছে সোপর্দ করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের আড়াইহাজার-রূপগঞ্জ থানা সীমান্তবর্তী পাল্লা এলাকায় কয়েকজন ছাত্রলীগ কর্মী টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালিবাড়ি এলাকার জিসান (২৪) ও ইমন (২৪), গির্দা এলাকার সিয়াম (২০), আসিবুল (১৬), শাওন (১৫) ও আব্দুল আহাদ (২০) এবং নতুন বান্টি এলাকার সোহাগ (২৬)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, সাতজনকে মিছিল করার সময় গ্রেপ্তার করা হয়েছে। আর ছাত্রলীগের কর্মী সন্দেহে বাকি চারজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাদের নাশকতার অভিযোগে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:২৮:৩৮ ১৩ বার পঠিত | ● আড়াইহাজারে ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার ● ঢাকা-সিলেট মহাসড়ক ● নারায়ণগঞ্জ