ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি


রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি

রংপুর: মিঠাপুকুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ স্টোররুমে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার পায়রাবন্দে অবস্থিত। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে সন্তানদের জন্য অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। এ সময় বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে পাঠদান চলছিল। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে অভিভাবকেরা চিৎকার শুরু করেন। পরে শিক্ষক ও অভিভাবকেরা মিলে দ্রুত শ্রেণিকক্ষ থেকে শিশুদের বাইরে বের করে আনেন। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠার সিঁড়ির পাশে থাকা একটি তালাবদ্ধ স্টোররুমে (চিলেকোঠার কক্ষ) আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে রাখা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। তবে আগুন অন্য কোনো কক্ষে ছড়ায়নি।

স্থানীয় অভিভাবক অনিক মাহমুদ বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা-সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।’

পায়রাবন্দ এলাকার আরেক অভিভাবক আশরাফুল ইসলাম জানান, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে আগুন লেগেছে, তা কেউ জানেন না। তবে কক্ষের ভেতরে থাকা বেঞ্চগুলো পুড়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন জানান, আগুন লাগার বিষয়টি তাঁরা প্রথমে বুঝতে পারেননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা অভিভাবকেরা ধোঁয়া দেখতে পেয়ে তাঁদের জানালে তাঁরা বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।’

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

এদিকে, রংপুরের পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে একে একে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বাসগুলোতে কোনো মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, দেশজুড়ে অস্থিরতা, সন্ত্রাস ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাসগুলোতে আগুন দিয়েছেন। বাসস্ট্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহনের অবাধ চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৫   ৩০ বার পঠিত  | ●   ●   ●