![]()
পাবনা: সুজানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উজ্জল শেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সামান্য একটি বিষয় নিয়ে আহত উজ্জল শেখের স্ত্রী ও কুদ্দুস শেখের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় খবর পেয়ে উজ্জল শেখ বাড়িতে প্রবেশ করা মাত্রই স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস শেখের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে কুদ্দুস শেখ, তাঁর স্ত্রী হালিমা ও ছেলে বিপ্লব উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে উজ্জল শেখের ওপর অতর্কিত হামলা চালান। তাঁকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে উজ্জল শেখের স্ত্রীকেও মারধর করে আহত করা হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উজ্জল শেখকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশ্যে এ ধরনের হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা কুদ্দুস শেখসহ অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সুজানগর থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:১৪:০৫ ১৪ বার পঠিত | ● উজ্জল শেখ ● কুদ্দুস শেখ ● সুজানগর ● সুজানগরে মারধর