ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ৩৮ বছর ধরে মাইকে মানুষের সুখ-দুঃখের খবর ছড়াচ্ছেন প্রচার মোস্তফা

৩৮ বছর ধরে মাইকে মানুষের সুখ-দুঃখের খবর ছড়াচ্ছেন প্রচার মোস্তফা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


৩৮ বছর ধরে মাইকে মানুষের সুখ-দুঃখের খবর ছড়াচ্ছেন প্রচার মোস্তফা

ভোলা: একটি মাইক্রোফোন আর সুমধুর কণ্ঠ—এই সম্বল নিয়েই জীবনের ৩৮টি বছর কাটিয়ে দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (৫৮)। এলাকায় তিনি পরিচিত ‘প্রচার মোস্তফা’ নামে। জন্ম-মৃত্যুর সংবাদ, সিনেমার বিজ্ঞাপন, দোকান ও শোরুম উদ্বোধন, হারানো বিজ্ঞপ্তি, নির্বাচনী প্রচারণা, ওয়াজ মাহফিল কিংবা খেলাধুলার আয়োজন—সব ধরনের খবরই তার কণ্ঠে শহর থেকে গ্রামে পৌঁছে যায়। মানুষের আনন্দ-বেদনার নানা খবর মাইকে প্রচার করেই চলে তার সংসার। বয়সের ভারে শরীর কিছুটা ক্লান্ত হলেও থেমে নেই তার প্রচারকাজ।

মোস্তাফিজুর রহমান লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নয়ানিগ্রামের খলিল মাস্টার বাড়ির বাসিন্দা। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে বর্তমানে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে। মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারলেও কণ্ঠ ও উপস্থাপনার দক্ষতায় এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।

মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ৩৮ বছর আগে ঢাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি প্রকল্পে চাকরি করতেন তিনি। থাকতেন মহাখালীর আমতলী এলাকায়। ১৯৮৬ সালের দিকে একদিন রিকশায় মাইক লাগিয়ে একজনকে নির্বাচনী প্রচার করতে দেখেন। ওই ব্যক্তির উপস্থাপনা ভালো না লাগায় শখের বশে নিজেই মাইক্রোফোন হাতে প্রচার শুরু করেন। সেখান থেকেই তার প্রচারজগতের পথচলা।

এরপর লালমোহনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) নির্বাচনে অংশ নিলে তিনি ঢাকা থেকে ফিরে আসেন। মেজর হাফিজের নির্বাচনী প্রচারের জন্য কেনা দুটি মাইকের একটি নিয়ে রিকশায় চড়ে প্রচার শুরু করেন। ওই নির্বাচনের প্রচারণার মধ্য দিয়েই লালমোহনে প্রচারক হিসেবে তার পরিচিতি বাড়তে থাকে।

তিনি বলেন, এরপর দৈনিক ২০ টাকা বেতনে লালমোহন বিনোদন সিনেমা হলে কাজ শুরু করেন। পর্যায়ক্রমে ভোলার অবসর, চরফ্যাশনের সাগরিকা এবং লালমোহনের লালমনি সিনেমা হলেও প্রচার চালিয়েছেন। তবে তৎকালীন লালমোহন মোল্লা জামে মসজিদের পেশ ইমাম মোজাম্মেল হুজুরের পরামর্শে সিনেমার প্রচার ছেড়ে ভালো ও কল্যাণকর বিষয়ের প্রচারণায় মনোযোগী হন।

শুরুতে ঘণ্টাপ্রতি আট টাকা রিকশাভাড়া ও ৬০ টাকা মাইকভাড়া দিয়ে স্বাধীনভাবে প্রচার চালাতেন তিনি। ১৯৯৭ সাল থেকে নিজের কেনা মাইক দিয়ে ভাড়ার রিকশায় প্রচার শুরু করেন। বর্তমানে নিজের কেনা অটোরিকশা ও মাইক দিয়েই কাজ করছেন। এ পেশা থেকে মাসে গড়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় হয় তার।

দীর্ঘ এই পথচলায় বিএনপির মতাদর্শের হওয়ায় রাজনৈতিক কারণে নানা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলেও জানান মোস্তফা। মেজর হাফিজের অনুসারী হওয়ায় অন্য দলের প্রচারণা না করায় ছয়বার কারাভোগ করতে হয়েছে তাকে। ২০১৬ সালে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রচারণা না করায় পৌরশহরের সাবেক বাদশা মিয়া একাডেমি-সংলগ্ন এলাকার একটি দোকানের ভেতরে তাকে ব্যাপক মারধর করা হয়। পরে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে জীবিকার তাগিদে আবারও প্রচারকাজে ফিরে আসেন তিনি।

মোস্তফার ভাষ্য, শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও সেই নির্যাতনের স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়। বর্তমানে মানুষের নানা কথা তাকে বিব্রত ও কষ্ট দেয়। বিশেষ করে রাত গভীর হলে অতীতের নির্যাতনের কথা মনে পড়ে তার। তখন একা একা কেঁদে নিজেকেই সান্ত্বনা দেন। জীবনের শেষ পর্যায়ে এসে খুব বেশি চাওয়া-পাওয়া নেই বলেও জানান মোস্তাফিজুর রহমান।

আক্ষেপ নিয়ে তিনি বলেন, তার সম্পদ বলতে নিজের ঘরভিটাটুকুই রয়েছে। জীবনের বাকি সময়ে তার একটাই প্রত্যাশা—বর্তমান সংসদের স্পিকার ও তার প্রিয় নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ যেন তার ছেলেকে যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেন। ছেলের কর্মসংস্থান নিশ্চিত হলে জীবনের শেষ চাওয়াটুকুও পূর্ণ হবে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৮:২৫   ৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●