ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার

রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার


রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার

রংপুর: নগরীর একটি গ্যারেজের সামনে রাখা পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে নগরীর পর্যটন মোটেল এলাকায় পিয়াস মটরসের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন দিনে রংপুরে তিনটি বাস ও একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্যারেজের সামনে একটি পরিত্যক্ত মিতসুবিশি গাড়ি (ঠ-১১০০০৯) পড়ে ছিল। শুক্রবার ভোরের দিকে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গাড়িটি পুড়ে যায়।

গত তিন দিনে রংপুর নগরীতে চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, নাশকতা এড়াতে পর্যটন মোটেল, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। যাতে দুর্বৃত্তরা আর কোনো পরিবহনে আগুন দিতে না পারে, সে লক্ষ্যে পুলিশ মাঠে কাজ করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে বুধবার ভোরে নগরীর পর্যটন মোটেলের বিপরীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই দিন বেলা আড়াইটার দিকে বাস টার্মিনাল রোডের মৎস্য আড়ত এলাকায় অগ্নিসংযোগে পুড়ে যায় হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:০৫   ২১ বার পঠিত  | ●   ●   ●