ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » নাশকতা মোকাবিলায় ঐক্যের বার্তা, পৃথক কর্মসূচিতে থাকবে বিরোধীরা

নাশকতা মোকাবিলায় ঐক্যের বার্তা, পৃথক কর্মসূচিতে থাকবে বিরোধীরা


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


নাশকতা মোকাবিলায় ঐক্যের বার্তা, পৃথক কর্মসূচিতে থাকবে বিরোধীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ নিয়ে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বৈঠক করেছেন। চলতি মাসের শেষ দিকে দলগুলোর মধ্যে সংলাপ হতে পারে। তবে ঐক্যের আহ্বানে সাড়া দিলেও জোটের দলগুলো নিজ নিজ উদ্যোগে নাশকতাবিরোধী কর্মসূচি পালন করবে।

জোটের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছেন তাঁরা। এটিকেই ঐক্যের ভিত্তি হিসেবে দেখছেন তাঁরা। তবে এসব শর্ত পূরণের বিষয়ে বিএনপি এখনো কিছু জানায়নি। এ কারণে বৈঠকের দিনক্ষণও চূড়ান্ত হয়নি।

এদিকে জামায়াত ও এনসিপি ইতোমধ্যে নভেম্বরের বাকি দিনগুলো এবং ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে। বিরোধী জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসও কর্মসূচির ডাক দিয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও জামায়াত ২৩ বছর এক জোটে ছিল। ২০২২ সালে সেই জোট ভেঙে গেলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দল দুটি একসঙ্গে অংশ নেয়। ওই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। দলটির নেতারা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও জামায়াত প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দল দুটির অবস্থান মুখোমুখি হয়ে ওঠে।

নির্বাচনের পর সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে বিরোধে জড়ায় প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসা জামায়াত। বিএনপি রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে। অন্যদিকে জামায়াত, এনসিপিসহ বিরোধী দলগুলো সেই প্রক্রিয়া বর্জন করে ১২ ফেব্রুয়ারির গণভোটের ফল অনুযায়ী সংস্কার চায়।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ নিয়ে কর্মসূচি দেওয়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে থানায় আগুন দেওয়া হয়েছে। হাসপাতালেও হামলা হয়েছে। বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিনজন নেতাকর্মীসহ এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠক

গত বুধবার সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের মতো সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে দেওয়া ভাষণে বিরোধীদলীয় নেতাও গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

এই দুই ভাষণের আগে সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও শফিকুর রহমানের বৈঠক হয়। বৈঠক আয়োজনে মধ্যস্থতা করা একাধিক নেতা গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দুই নেতার মধ্যে ১৫ মিনিট আলোচনা হয়।

বিএনপির সংসদীয় সূত্র এবং জামায়াতের নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন শফিকুর রহমান। সর্বদলীয় সংলাপ ও রাজনৈতিক কর্মসূচির বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, ঐক্য হলেও এক মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করা হবে না। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার আলোচনায় গণমিছিলের প্রসঙ্গ এলেও পরে সেই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে। উভয় পক্ষের ধারণা, এতে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নেতা শেখ হাসিনাই বেশি গুরুত্ব পাবেন।

বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান গণমাধ্যমকে বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে কিছুটা ভাটা পড়েছে। প্রধানমন্ত্রী দলমতের ঊর্ধ্বে উঠে সেই ঐক্য আরও দৃঢ় করার কথা বলেছেন। তিনি প্রথম সরকারপ্রধান হিসেবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। বিরোধীদলীয় নেতাও ঐক্যের কথা বলেছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদীদের নাশকতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে সেই ঐক্য সুদৃঢ় করতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার এবং ফ্যাসিবাদীদের বিচার করা হলে পলাতকরা এখন যে নাশকতা করছে, তা করার সাহসই পেত না।

জামায়াতের আমির শফিকুর রহমান আজ শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন। তিনি ফিরবেন ২৬ নভেম্বর। জোট সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর আহ্বানে সর্বদলীয় বৈঠক বা সংলাপের মতো কোনো আয়োজন হতে পারে।

বিরোধীদের শর্ত

গতকাল বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক হয়। বৈঠক শেষে সরকারকে বার্তা দেওয়া হয়, জামায়াত জোটের শরিকরা রাজপথে নামবে। তবে ঐক্যকে স্থায়ী রূপ দিতে হলে গণভোটের ফল মেনে নিতে হবে।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জামায়াতের আমির ঐক্যের আহ্বানে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন। জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের রক্ষাকবচ। সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। জনগণের মতামতের বাইরে ১১ দল কোনো পদক্ষেপ নেবে না।

গতকাল এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, ফ্যাসিবাদবিরোধী যেকোনো ঐক্যে দলটি থাকবে। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ঐক্য প্রতিষ্ঠার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

বিরোধীদের কর্মসূচি

আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি না দিলেও নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দল জামায়াত এবং তাদের জোটসঙ্গী এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস।

জামায়াত ৪১ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। ২৫ নভেম্বর বাকি সব মহানগরে, ২৬ নভেম্বর সব জেলায় এবং ৩০ নভেম্বর সব উপজেলা ও থানায় সমাবেশ করবে তারা। ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

এ ছাড়া সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। এ সময়ে ৬৪ জেলা এবং ১৩ মে মহানগরে পর্যায়ক্রমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। অন্যদিকে ২৪ নভেম্বর ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বাংলাদেশ সময়: ১৮:১০:২৩   ১৭ বার পঠিত  | ●   ●   ●   ●