ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে রাজপথে সক্রিয় বিএনপির বিভক্ত নেতাকর্মীরা

আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে রাজপথে সক্রিয় বিএনপির বিভক্ত নেতাকর্মীরা


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে রাজপথে সক্রিয় বিএনপির বিভক্ত নেতাকর্মীরা

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি মোকাবিলায় দীর্ঘদিনের মতভেদ ভুলে রাজপথে একজোট হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সারা দেশে এমন চিত্র দেখা গেছে। রাজপথে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা নেতাকর্মীদের পাশাপাশি দল থেকে বহিষ্কৃত নেতাদেরও সক্রিয় দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় দলের প্রধান তারেক রহমান সবাইকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। দেশের বিরাজমান পরিস্থিতিতে গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিতেও বলা হয়। দলীয় প্রধানের এই বার্তার পরপরই নিজেদের মতভেদ ভুলে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন নেতাকর্মীরা।

এমনকি গত নির্বাচনের আগে দল থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকেও মাঠে দেখা গেছে। তাঁদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত গত সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব অনুসারীদের নিয়ে বড় শোডাউন করেছেন। গতকাল সকালে রাজধানীর ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে থেকে তাঁর নেতৃত্বে মিছিলটি শুরু হয়। হোটেল সোনারগাঁও সিগন্যাল ও বাংলামটর সিগন্যাল হয়ে মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকেও এখনো কোনো পদে রাখা হয়নি। তবে মান-অভিমান ভুলে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে তিনি জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ, বাংলামটর ও মগবাজার ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

গত কয়েক দিনের ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় দেশের জননিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে সরকার শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করতে চাইছে না। বিএনপি চাইছে, আওয়ামী লীগের এসব অপকর্মের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে। দলটির ধারণা, জনগণই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তুলতে সহায়তা করবে। এ লক্ষ্যে রাস্তাঘাট, হাটবাজারে সাধারণ মানুষের কাছে যাবেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের কাছে আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরার পাশাপাশি দলটির ১৭ বছরের দুঃশাসনের কথাও স্মরণ করিয়ে দেবেন। এ জন্য শীর্ষ পর্যায় থেকে সব নেতাকর্মীকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ দেশে নেই, তাদের নেত্রীও নেই। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে, সেসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার এসব দমনে জিরো টলারেন্সে থাকলেও ফ্যাসিবাদী কায়দায় মানুষ হত্যা করে এবং সবকিছু ধ্বংস করে সমস্যার সমাধান চাইবে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহায়তাও প্রয়োজন হবে।

এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় থাকতে একসময় গুম, খুন ও ক্রসফায়ারকে রাষ্ট্রের চরিত্রে পরিণত করেছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা এবং গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।

জানা গেছে, শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরেও পরিস্থিতি উত্তপ্ত থাকতে পারে। এ পরিস্থিতি বিবেচনায় দলীয় সংসদ সদস্যদের প্রয়োজন ছাড়া ঢাকায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালনের বার্তাও দেওয়া হয়েছে।

ডিসেম্বরে জাতীয় ও দলীয় চারটি দিবস ঘিরে কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দিবসগুলো হলো ১৪ ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ৩০ ডিসেম্বর দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী। এসব দিবস যথাযথভাবে পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫১   ১৭ বার পঠিত  | ●   ●   ●   ●