![]()
মৌলভীবাজার: কমলগঞ্জে বিয়ের সব আয়োজন সম্পন্ন হওয়ার পরও নির্ধারিত দিনে বিয়ের আসরে উপস্থিত হননি বর। অতিথিদের আপ্যায়নের জন্য রান্নাবান্নাসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে কনের অভিযোগ, অতিরিক্ত যৌতুকের টাকা না দেওয়ায় বরপক্ষ বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী ওমানে অবস্থানকালে আবাছ আলী (৪০) নামের এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। অভিযোগ অনুযায়ী, প্রবাসে থাকাকালে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন তিনি।
প্রায় এক মাস আগে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়। অভিযোগে বলা হয়, বিয়ের আগে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বরপক্ষ কনের বাড়িতে গেলে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য তাদের হাতে নগদ দেড় লাখ টাকা তুলে দেওয়া হয়।
কনের অভিযোগ, বিয়ের দাওয়াত অনুযায়ী আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন অনুষ্ঠানে উপস্থিত হন। বরযাত্রীদের আপ্যায়ন, রান্নাবান্না ও আনুষঙ্গিক খাতে প্রায় দুই লাখ টাকা খরচ করা হয়। কিন্তু ২০ নভেম্বর দুপুর পর্যন্ত বরপক্ষ না আসায় তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তখন বরপক্ষ জানায়, মোটরসাইকেল কেনার জন্য যৌতুক হিসেবে আরও দেড় লাখ টাকা দিতে হবে। অন্যথায় বিয়ে হবে না।
অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো যায়নি বলে অভিযোগ করেন কনের বড় ভাই। তিনি বলেন, ‘আমার বোনকে বিয়ের দিন বধূ সাজে সাজানো হলো। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন, কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ এল না। এখন সমাজে মুখ দেখাব কী করে। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।’
তবে যৌতুক নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা এক টাকাও যৌতুক নিইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নিয়েছি আমরা।’ তাঁর দাবি, তাঁর ভাই ও ওই নারী একসঙ্গে প্রবাসে ছিলেন। সেখানে ওই নারীর আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানার পরও তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। পুলিশের মাধ্যমে বিয়ে ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। অসুস্থতার কারণে তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাঁকে জানিয়েছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তাঁরা সমাধান করতে না পারলে পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫১:০১ ১০ বার পঠিত | ● আবাছ আলী ● কমলগঞ্জে যৌতুকের অভিযোগ ● বিয়ে ভাঙার অভিযোগ