![]()
পটুয়াখালী: কলাপাড়া ও কুয়াকাটায় আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী এ উৎসবে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। উৎসব উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। কারিগরদের রং ও তুলির নিপুণ ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। পাশাপাশি উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।
সোমবার (২৩ নভেম্বর) রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পুণ্যস্নান। পরে ওই দিন বিকেল থেকে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাস মেলা।
রাস উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। এতে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৩০ ৩ বার পঠিত | ● কলাপাড়া রাস উৎসব ● কুয়াকাটা রাস উৎসব ● মদনমোহন সেবাশ্রম ● রাধাকৃষ্ণ মন্দির