![]()
গাজীপুর:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি বলেছেন, আওয়ামী লীগ আর শালীন রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। গণতন্ত্রের নামে দলটি জ্বালাও-পোড়াও ও হত্যার রাজনীতি শুরু করেছে। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য বিএনপির নেতাকর্মীরা ত্যাগ-তিতিক্ষা, জেল-জুলুম সহ্য করেছেন।
বর্তমান সরকার অস্থিতিশীল দেশকে স্থিতিশীল করার পাশাপাশি অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। এখন সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। অনেক শান্তিতে ছিলেন, সুখে থাকলে ভূতে কিলায়। এখন যারা অপকর্ম করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পাল্টা সমুচিত জবাব দেওয়া হবে।
গতকাল রোববার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন একেএম ফজলুল হক মিলন এমপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
কালীগঞ্জ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, খাইরুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহীম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইয়াসির আকরাম পলাশ ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিম সরকার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন সেরু, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসান ও সদস্যসচিব হাসানুর রহমান জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে এমপি ফজলুল হক মিলনের নেতৃত্বে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ছবির ক্যাপশন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এমপি ফজলুল হক মিলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫৯ ৩ বার পঠিত | ● আওয়ামী লীগ ● কালীগঞ্জ উপজেলা বিএনপি ● গাজীপুর বিএনপি ● ফজলুল হক মিলন