![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও বধ্যভূমি মহান মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস, স্বজন হারানোর বেদনা এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের নীরব সাক্ষী। অথচ ১৪ শহীদের স্মৃতিবিজড়িত এই গুরুত্বপূর্ণ স্থানটি বর্তমানে অবহেলা ও অযত্নে পড়ে আছে। চারপাশ আগাছা ও ঘাসে ঢেকে গেছে। স্মৃতিসৌধের রং বিবর্ণ হয়ে নষ্ট হচ্ছে। মুক্তিযুদ্ধের এমন গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নের বেহাল অবস্থা দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন সচেতন মহল।
স্থানীয় ইতিহাস ও স্মৃতিচারণ অনুযায়ী, ১৯৭১ সালের ১৬ এপ্রিল, শুক্রবার মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে পাকিস্তানি হানাদার বাহিনী ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামে প্রবেশ করে। নিরীহ বাঙালিদের হত্যা এবং ঘরবাড়ি পুড়িয়ে ধ্বংস করতে করতে তারা এলাকায় পৌঁছায়। একপর্যায়ে চন্দনা নদীর তীরে আত্মগোপনে থাকা ফতেহ আলী পণ্ডিতের পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৫০ জন সদস্য হানাদার বাহিনীর নজরে পড়েন। এরপর কালক্ষেপণ না করে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। মুহূর্তেই রক্তে ভিজে ওঠে এলাকার মাটি। প্রাণ হারান অসংখ্য নিরীহ মানুষ।
সেই হত্যাযজ্ঞের স্মৃতি আজও বহন করছে চন্ডিপুরের এই বধ্যভূমি। এখানে স্মরণ করা হয় ১৪ শহীদকে। তাঁরা হলেন—শহীদ শফিউদ্দিন, শহীদ মশিউর রহমান খুশী, শহীদ মীরা রাবেয়া খাতুন, শহীদ মীর ডায়মন্ড, শহীদ মীর শাখাওয়াত হোসেন নতুন, শহীদ মীর আক্তারুজ্জামান বাবলু, শহীদ রিতা আক্তার, শহীদ মীর জালাল উদ্দিন আহমেদ, শহীদ মীর সাহিদা আহমেদ রুবী, শহীদ মীর নবিন আজিজ, শহীদ সদরুল ইসলাম সদু, শহীদ জাহেদা খাতুন, শহীদ সেলিনা আক্তার এবং শহীদ ফাতেমা খাতুন (লিচু)।
এই শহীদদের আত্মত্যাগ কোনো সাধারণ ইতিহাস নয়; এটি একটি স্বাধীন ভূখণ্ড অর্জনে বাঙালির রক্ত, সাহস ও ত্যাগের ইতিহাস। লাখো শহীদের রক্ত এবং অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে তাঁদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব।
কিন্তু স্বাধীনতার এত বছর পরও চন্ডিপুরের এই বধ্যভূমির বর্তমান অবস্থা প্রশ্ন তুলছে—যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাঁদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে এত অবহেলা কেন?
স্মৃতিসৌধের চারপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয় না। আগাছা জন্মে পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। রং নষ্ট হয়ে স্মৃতিচিহ্নটির সৌন্দর্য ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। দেখভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে মুক্তিযুদ্ধের এই গুরুত্বপূর্ণ স্থানটি ধীরে ধীরে অবহেলার প্রতীকে পরিণত হচ্ছে। অথচ সামান্য উদ্যোগ, নিয়মিত পরিচর্যা এবং বছরে অল্প কিছু অর্থ বরাদ্দ করলেই স্মৃতিসৌধটি সুন্দর, পরিচ্ছন্ন ও সম্মানজনকভাবে সংরক্ষণ করা সম্ভব।
এলাকাবাসী জিন্নাহ বলেন, “এটা সরকার স্বীকৃত বধ্যভূমি। এটা দেখভাল করার অভাব আছে। আমার জানামতে, এটা তৈরি হওয়ার পরে আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, এটা যেন রক্ষণাবেক্ষণ করা হয়।”
মরহুমের আত্মীয় সৈকত বলেন, “এখানে আমার দাদির, চাচার কবর আছে। এখানে আমি প্রায়ই আসি। ভিতরে যে ঢুকবো, কবর জিয়ারত করব, এটার চাবিও নাই, কার কাছে আছে সেটাও জানি না। এখানে আশে-পাশে অনেক বাড়িঘর আছে। তাদের কাছে যদি চাবিটা রেখে দিত, তাহলে আমরা ভেতরে ঢুকতে পারতাম, পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারতাম।”
মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ শুধু ইট-পাথরের স্থাপনা নয়; এগুলো জাতির আত্মপরিচয়, ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার উৎস। এসব স্থানের অবহেলা মানে শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, বরং ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করা।
চন্ডিপুরের এই বধ্যভূমি কি শুধু বিশেষ দিবসে ফুল দেওয়ার জন্যই থাকবে? বছরের বাকি সময় কি শহীদদের স্মৃতি এভাবেই অবহেলিত থাকবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি এই গুরুত্বপূর্ণ স্থানটির প্রতি কোনো দায়িত্ব নেই?
এলাকাবাসী ও সচেতন মহলের প্রত্যাশা, চন্ডিপুরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও বধ্যভূমিটি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সংস্কার, নতুন করে রং করা, চারপাশের পরিবেশ উন্নত করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে সরকারি বরাদ্দের মাধ্যমে স্মৃতিসৌধটির স্থায়ী সংরক্ষণ নিশ্চিত করা হোক।
শহীদদের স্মৃতি যেন আগাছার আড়ালে হারিয়ে না যায়। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে চন্ডিপুরের এই বধ্যভূমি রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৩:২৩ ৫ বার পঠিত | ● কুষ্টিয়া মুক্তিযুদ্ধ ● চন্ডিপুর বধ্যভূমি ● ভেড়ামারা মুক্তিযোদ্ধা সংসদ ● ১৪ শহীদের স্মৃতিসৌধ