পাবনা:দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি কৃষক বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সোমবার চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক। আমরা জানি যে আমরা দরিদ্র জনগোষ্ঠী। তৃণমূলের প্রান্তিক পর্যায়ের কৃষকরা অনেক দরিদ্র। তাঁদের কৃষিকাজ করতে গিয়ে যেন কোনো বিড়ম্বনার শিকার হতে না হয়, অর্থের অভাবে যেন কৃষিকাজ অসম্পূর্ণ না থাকে, এ জন্য সরকার আপনাদের পাশে দাঁড়ায়।’
তিনি আরও বলেন, ‘কৃষিকাজ করতে গিয়ে সার ও বীজের যেন ঘাটতি না হয়, টাকার অভাবে যেন এগুলো কিনতে কোনো অসুবিধা না হয়, সে জন্য সরকার আপনাদের পাশে আসে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই কৃষির ওপরই মূল চালিকাশক্তি নির্ভর করে। কৃষকদের ওপর নির্ভর করছে আমাদের সবার ভালো থাকা।’
২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মসুরের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মসুরের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার ৫৫০ জন কৃষকের মধ্যে ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৯:৪৪ ৪ বার পঠিত | ● আরিফা সুলতানা রুমা ● ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ● চাটমোহরে কৃষি প্রণোদনা