![]()
ঢাকা:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার জয়পাড়া থানার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার করমআলীর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয়ভাবে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।” এ নির্দেশনার ধারাবাহিকতায় দোহারে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটি মহল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।”
খন্দকার আবু আশফাক বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, পৌরসভা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খান, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম বেপারি, পৌরসভা বিএনপি নেতা তৈয়ব আকন্দ ও সাবেক ছাত্রদল সভাপতি হায়দার আলী হিরু প্রমুখ।
এ সময় বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অবিলম্বে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩০:৩৪ ৫ বার পঠিত | ● আওয়ামী লীগের নৈরাজ্য ● খন্দকার আবু আশফাক ● দোহার উপজেলা বিএনপি ● দোহার বিক্ষোভ মিছিল