ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » নেত্রকোণায় এনসিপি নেতা ফাহিম পাঠানের বাড়িতে আগুন

নেত্রকোণায় এনসিপি নেতা ফাহিম পাঠানের বাড়িতে আগুন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


নেত্রকোণায় এনসিপি নেতা ফাহিম পাঠানের বাড়িতে আগুন

নেত্রকোণা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাড়ির বারান্দায় আগুন দেয় বলে অভিযোগ করেছেন ফাহিম রহমান খান পাঠান।

তিনি এনসিপির কেন্দ্রীয় পেশাজীবীবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঘটনার বিবরণে ফাহিম রহমান খান পাঠান জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মন্তব্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে তাঁর বাড়ির বারান্দায় আগুন দেওয়া হয়। আগুনের ধোঁয়া ঘরের ভেতরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। তাৎক্ষণিকভাবে ঘুম থেকে উঠে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ঘটনার পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাসায় আগুন লাগিয়েছে। বাসায় থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে।’

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রের কাছে নিজেদের নিরাপত্তা দাবি করেছেন তিনি।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে অগ্নিসংযোগের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১২:১০   ১৮ বার পঠিত  | ●   ●   ●