ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির জবাব দিলেন রিজভী, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশ

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির জবাব দিলেন রিজভী, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশ


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির জবাব দিলেন রিজভী, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশ

ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী।

ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবেন। তিনি বলেন, যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা এত সহজ নয়। বাংলাদেশের মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত রয়েছে।

পোশাক খাতের শ্রমিকদের মজুরি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দেশের পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি।

তিনি জানান, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেড়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের ভূমিকার প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, নজরুল ইসলাম খানের পরামর্শ ও নেতৃত্বে শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, আমানউল্লাহ আমান ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি যোগ্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা এবং সংগঠনকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতারা গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এমপি, সদস্যসচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২১:৫৪   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●